রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু হচ্ছে

রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, এই শহরের অনেক খাল দখল হয়ে গেছে। অনেক মাঠ দখল হয়ে বড় বড় ভবন নির্মাণ করা হয়েছে। আমি খালগুলো সরেজমিনে পরিদর্শন করেছি। ৪০ বছর আগে রুপনগর খাল দিয়ে নৌকায় চড়ে তুরাগে যাওয়া যেতো। বুধবার মিরপুর সেকশন ১৩ ও ১৪ এলাকায় নর্দমা ও ফুটপাতসহ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

সেনাবাহিনী খালের সীমানা নির্ধারণ করে পিলার বসানোর কাজ করছে উল্লেখ করে মেয়র আরো বলেন, জনগণকে সঙ্গে নিয়ে খাল অবৈধ দখলমুক্ত করে রূপনগর থেকে তুরাগ পর্যন্ত নৌপথ চালু করা হবে। প্রকৌশলীরা এটি নিয়ে কাজ করছে। এজন্য ১১টি ব্রিজ নির্মাণ করা হবে।

পরিবেশ বাঁচাতে গাছ লাগাতে হবে উল্লেখ করে আতিকুল ইসলাম আরো বলেন, সড়কের বিদ্যমান গাছগুলো না কেটেই উন্নয়ন কাজ করতে হবে। আমি জানতে পেরেছি কিছুদিন আগে মিরপুরস্থ টেকনিক্যাল ক্রসিংয়ে সড়ক বিভাজক নির্মাণকালে অসাধু ঠিকাদার কয়েকটি গাছ কেটে ফেলেছে। যেহেতু ঠিকাদার নির্দেশনা অমান্য করে গাছ কেটেছে তাই তাকে ডিএনসিসিতে কালোতালিকাভুক্ত করা হয়েছে। এছাড়াও এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট দুজন প্রকৌশলীকেও বরখাস্ত করা হয়েছে। উন্নয়ন হবে কিন্তু গাছ কেটে নয়।
বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এখন প্রায়ই বৃষ্টি হচ্ছে। আবার রোদ হচ্ছে। এই আবহাওয়ায় এডিস মশা বেশি জন্মায়। তাই সবাইকে সচেতন হতে হবে। আজই ছাদে যাবেন, বারান্দায় দেখবেন পানি জমে আছে কিনা। সবাই দায়িত্ব নেন। দোকানদারদের অনুরোধ করবো আপনারা দোকানের সামনের রাস্তাটা পরিষ্কার রাখুন। সবাই যার যার বাড়ির, দোকানের, প্রতিষ্ঠানের সমানের জায়গা পরিষ্কার রাখলেই পরিচ্ছন্ন শহর নিশ্চিত হবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘জনগণের রাস্তা অবৈধ দখল করেছেন তাদের কোন বৈধ নোটিশ দেয়া হবে না। অবৈধ স্থাপনা ভেঙ্গে সকল রাস্তা উদ্ধার করা হবে। প্রতিটি রাস্তা ২০ফিট প্রশস্থ না হলে সিটি কর্পোরেশন সেখানে রাস্তা নির্মাণ করবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নগরবিদ ও স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জামাল মোস্তফা, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হুমায়ুন রশীদ (জনি), ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জহির উদ্দিন ও সংরক্ষিত নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা প্রমুখ।

Facebook Comments Box