রোববার থেকে ডিএনসিসির বিশেষ অভিযান, এডিসের লার্ভা পেলেই ব্যবস্থা

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আজ রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কর্পোরেশনের দশটি অঞ্চলে দশটি টিম এই অভিযান পরিচালনা করবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এডিসের লার্ভা পেলেই নেয়া হবে আইনানুগ ব্যবস্থা।

শনিবার রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের আওতাধীন দক্ষিণখানের মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে এসে মেয়র আতিকুল ইসলাম এ কথা জানান। বাসা-বাড়ি-অফিসে জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আতিকুল ইসলাম আরো বলেন, আইন অনুযায়ী নিয়মিত মামলা হবে। কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়ি বা স্থাপনার ভেতরে, বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে দ্রুত ফেলে দিন। ডেঙ্গু থেকে আপনি সুরক্ষিত থাকুন আপনার পরিবারকে ও প্রতিবেশীকে সুরক্ষিত রাখুন। বাড়িতে লার্ভার চাষ করে শাস্তি না পেয়ে বরং লার্ভার উৎস ধ্বংস করে পুরস্কৃত হোন।

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, শুধু সিটি কর্পোরেশনের পক্ষে পুরোপুরিভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এক্ষেত্রে জনগণের সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ। জনগণের আন্তরিক সহযোগিতায় গত ঈদে মাত্র ১২ঘন্টায় কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। জনগণের সহযোগিতা পেলে আমরা ডেঙ্গুও সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারবো। নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ধারণা করা হয়েছিল অন্যান্য সময়ের তুলনায় এবছর ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। তাই বর্ষা মৌসুম শুরুর আগেই আমরা বছরের শুরু থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করাসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছি। তবে আগের সঙ্গে পরিসংখ্যানে দেখা যাচ্ছে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা অনেকটা কম। এসময় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল মোঃ জোবায়দুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর ডি.এম.শামিম, সংরক্ষিত আসনের কাউন্সিলর হাছিনা বারী চৌধুরী ও জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box