সবারবাংলা প্রতিবেদক
লাউতলা খালে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা এই লাউতলা-রামচন্দ্রপুর খাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই রামচন্দ্রপুর-লাউতলা খালের উপর অবৈধ ভাবে গড়ে ওঠে ট্রাক স্ট্যান্ড। ১৪ বছর ধরে থাকা সেই অবৈধ ট্রাক স্ট্যান্ড আমরা উচ্ছেদ করেছি। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে পুনরুদ্ধারকৃত লাউতলা খালের দূষণ রোধে জনসাধারণের অংশগ্রহণমূলক কার্যক্রমে তিনি এসব কথা বলেন।
এই খালে কোন ধরনের ময়লা ফেলা যাবে না উল্লেখ করে মেয়র আরো বলেন, খাল দূষণকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনগত ব্যবস্থা। খাল পরিষ্কার রাখা ও তদারকির জন্য বিশেষ টিম গঠন করে দেয়া হবে এবং সিসি ক্যামেরা বসানো হবে।
তিনি আরও বলেন, ১ বছর আড়াই মাস আগে আমরা ঢাকা ওয়াসা থেকে ২৯টি খাল বুঝে পাই। এরপর থেকেই দেখছি দুই “দ”, ‘দখল’ আর ‘দূষণ’ এর কবলে খালগুলো সব মৃতপ্রায়। খালে স্বচ্ছ পানি প্রবাহ দেখার অভিপ্রায় নিয়ে আমরা কাজ করছি নিরন্তর।
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, আমরা কাজ করতে গিয়ে দেখেছি মানুষ এই খালকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। এই খালে পলিথিন, পুরনো সোফা, কার্পেট, চটের বস্তাসহ বাসা-বাড়ির সব ধরনের ময়লা ফেলা হয়েছে। খালে ময়লা ফেলা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই খাল দিয়ে নৌযান চলবে, মাছের চাষ হবে এবং জীববৈচিত্র্য রক্ষা পাবে। এর জন্য সরকার ও সিটি কর্পোরেশনের সঙ্গে জনগণেরও দায়িত্ব পালন করতে হবে। জনগণকে সংঘবদ্ধভাবে খাল দখলদার ও দূষণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম প্রমুখ।
সবারবাংলা/এসআই
















