বিগত সরকার ঠিকমতো নির্বাচন দেয়নি বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। মন্ত্রী বলেন, বিএনপি সরকার প্রতিটি স্তরে সঠিকভাবে নির্বাচন দেবে। জনগণের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন ৫ ধাপে সম্পন্ন হবে। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এ নির্বাচন সম্পন্ন হবে। রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।
আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির সেবা করেছে, কিন্তু বিএনপি সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে উল্লেখ করে ড. মঈন খান বলেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের নীতি ও সুশাসনে বিশ্বাসী। দেশে সত্যিকার অর্থে একটি টেকসই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।
বিগত ১৭ বছরের অব্যবস্থাপনায় দেশের দরিদ্র মানুষের অধিকার ক্ষুন্ন হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, দেশে প্রায় ৫০টি মন্ত্রণালয় রয়েছে। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলোর তুলনায় ব্যতিক্রম। কারণ, সরকারের মূল উদ্দেশ্য জনগণের সেবা করা এবং এ মন্ত্রণালয় সরাসরি জনগণের সঙ্গে কাজ করে। স্থানীয় সরকারব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি সঠিকভাবে কাজ করলে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনাও কার্যকর হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের কাছে সঠিকভাবে সেবা পৌঁছে দিতে পারলে এর সুফল পুরো দেশ ও সরকার পাবে। এই লক্ষ্য নিয়েই আমরা দায়িত্ব গ্রহণ করেছি। স্থানীয় সরকার বিষয়ে অভিজ্ঞ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছ থেকেও তিনি অনেক কিছু শিখবেন বলে মন্তব্য করেন। কর্মকর্তাদের উদ্দেশে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার অত্যন্ত ক্ষমতাশালী হলেও এই ক্ষমতা সরকারের নিজস্ব নয়। জনগণই এ ক্ষমতার উৎস। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যাদের ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়, তারাই সরকার পরিচালনা করেন। জনগণের দেওয়া সেই ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, দেশের সচ্ছল মানুষ নিজেদের অনেক প্রয়োজন নিজেরাই পূরণ করতে পারেন। কিন্তু দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল। তাই তাদের অধিকার ও প্রয়োজন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশে এখনো বিপুলসংখ্যক মানুষ কোনো না কোনোভাবে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। বিগত ১৭ বছরের অব্যবস্থাপনায় দরিদ্র মানুষের অধিকার ক্ষুণ্ন হয়েছে। তাদের জীবনমান উন্নয়নে তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক আদর্শের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের সময় জাতি যখন কিংকর্তব্যবিমূঢ় ছিল, তখন জিয়াউর রহমান সাহসের সঙ্গে স্বাধীনতার ঘোষণা দেন এবং সম্মুখ সমরে অংশ নেন। মুক্তিযুদ্ধে তার অবদানের স্বীকৃতি হিসেবে দেশবাসী তাকে ‘বীর উত্তম’ উপাধিতে ভূষিত করেছে।
তিনি বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে এসেছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে প্রতিমন্ত্রী ও অভিজ্ঞ কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে জনগণের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী। একই সঙ্গে এ কাজে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি। এর আগে সকালে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় অংশ নেন নবনিযুক্ত মন্ত্রী। সভায় মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
















