আবু সিদ্দিক, ভোলা প্রতিনিধি :
সাগরে মাছ ধরে ফেরার পথেহ দমকা হাওয়ার কবলে পড়ে ভোলার চরফ্যাশনের ১৬ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাশের একটি ট্রলারের জেলেরা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও ট্রলারের মেকানিক মো. নিরব (৪০) এখনো নিখোঁজ রয়েছেন।
রবিবার (২৩ আগস্ট) বিকালে প্রায় ৫০ কিলোমিটার দুরে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নিরব চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি একই এলাকার মৃত আ. আজিজের ছেলে।
ট্রলারটির মালিক ইউসুফ মাল জানান, ছয় দিন আগে চরফ্যাশনের বেতুয়া ঘাট থেকে ১৬ জেলেকে নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। কয়েকদিন মাছ ধরার পর রোববার মাছ নিয়ে তীরে ফেরার পথে মহীপুর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে পৌঁছালে হঠাৎ দমকা হাওয়া শুরু হয়। এতে সাগর উত্তাল হয়ে উঠলে ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে ডুবে যায়।
ট্রলারটি ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ১৬ জেলেই সাগরে পড়ে যান। এ সময় কিছুটা পেছনে থাকা লালমোহনের রিয়াজ মাঝির ট্রলারের জেলেরা ঘটনাটি দেখতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেন তারা। তবে অনেক খোঁজাখুঁজি করেও মেকানিক নিরবের সন্ধান পাওয়া যায়নি।
রিয়াজ মাঝি বলেছেন, ডুবে যাওয়া ট্রলারটি আমাদের ট্রলারের কিছুটা সামনে ছিল। হঠাৎ দেখি ট্রলারটি উল্টে গেছে এবং জেলেরা পানিতে ভাসছেন। সঙ্গে সঙ্গে ট্রলার নিয়ে তাদের কাছে গিয়ে ১৫ জনকে উদ্ধার করি। কিন্তু নিরবকে কোথাও পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া ১৫ জেলে বর্তমানে নিরাপদে রয়েছেন। রোববার রাতে ট্রলারডুবি ও নিরব নিখোঁজের বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বললেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
















