ভোলায় স্বামীর সঙ্গে অন্য নারীর প্রেমের সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত রাবেয়া বেগম ওই ওয়ার্ডের উত্তর মাদ্রাস গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মো. তানভীর চরফ্যাশন থানায় তার পিতা জসিমের ও প্রতিবেশী নারী তাছনুর বেগমকে আসামি করে হত্যা মামলা করেন। দুপুরে ওই গ্রাম থেকে পুলিশ আসামি তাছনুর বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, নিহতের স্বামী জসিম দীর্ঘদিন ধরে প্রতিবেশী তাছনুর বেগম নামে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন। বিষয়টি রাবেয়া বেগম টের পেলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাধে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে জসিম তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে গাছের সঙ্গে লাশ ঝুলিয়ে পালিয়ে যান।
চরফ্যাশন থানার ওসি মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, নিহতের ছেলে তানভীর হোসেন বাদী হয়ে তার বাবা ও প্রতিবেশী এক নারীকে আসামি করে মামলা করেছে। অভিযান চালিয়ে তাছনুর বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া মামলার প্রধান আসামি পলাতক আছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সবারবাংলা/এসআই
















