৫ বছর পর শ্বশুরবাড়ি যাচ্ছেন শেখ হাসিনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে মঙ্গলবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনি সভায় বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শায়াদত হোসেন বকুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রথমে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশ্যে রওনা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে তিনি আন্তর্জাতিক খ্যাতনামা পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন।

দুপুরের খাবার হিসেবে তিনি রুটির সঙ্গে ছোট মুরগির মাংস খাবেন বলে জানা গেছে। এরপর সেখানেই বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বক্তব্য দেবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন। তিনি দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি এলাকা পীরগঞ্জ সফরে আসছেন।

রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, আল্লাহর অশেষ রহমত প্রধানমন্ত্রী রংপুরে আসছেন। আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। আশা করছি বিপুল লোকসমাগম হবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মঙ্গলবার রংপুরে আসবেন। আসন্ন নির্বাচনকে ঘিরে তার এ সফর। ওই দিন পীরগঞ্জে একটি নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে দলীয়ভাবে প্রস্তুত আমরা।

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম বলেন, রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে আসছেন। ২৬ তারিখ রংপুরের তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি পথসভা করে পীরগঞ্জে যাবেন প্রধানমন্ত্রী। তার আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত। সাধারণ ভোটারদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। এরই মধ্যে শুরু হয়েছে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার, ফেস্টুনসহ তোরণ নির্মাণের কাজ। দলীয় নেতাকর্মীসহ ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন।

Facebook Comments Box