৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা

উপকূলের দিকে এগিয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। উপকূল থেকে মাত্র ৮৫৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। ঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোয় সর্বোচ্চ ৮ থেকে ১২ ফুটের বেশি জলোচ্ছ্বাস হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।

অধিদফতর জানায়, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং এ দুই জেলার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ ছাড়া মোখা ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৭ ফুটের বেশি জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

প্রসঙ্গত, কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৮ নম্বর মহাবিপৎসংকেত এবং মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Facebook Comments Box