৮ পরিত্যক্ত মার্কেটে লাল সাইনবোর্ড টানিয়ে দেয়া হবে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন, মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, মালিক সমিতিকে অনুরোধ করছি আপনারা জীবনের মূল্য দিতে শিখুন। সোমবার মগবাজার চৌরাস্তার ফ্লাইওভারের পিলারে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে শুরুতে মেয়র আতিকুল ইসলাম চিত্র শিল্পীদের অনুপ্রেরণা দিতে নিজেই রঙ তুলির আচরে গ্রাফিতি কার্যক্রম উদ্বোধন করেন।

বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনা ঘটছে উল্লেখ করে মেয়র বলেন, পরিত্যক্ত মার্কেটগুলো বন্ধে কঠোর হওয়া ছাড়া আমাদের আর বিকল্প নেই। ডিএনসিসির আটটি পরিত্যক্ত মার্কেটে লাল রঙের সাইনবোর্ড টানিয়ে দেবো।
মেয়র বলেন, এই দেশটা আমাদের, এই শহরটা আমাদের। এই দেশ, এই শহর বাহিরের কারো নয়। অনেক রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। অথচ যত্রতত্র পোস্টার লাগিয়ে আমরা নিজেরাই এই শহরে দৃশ্য দূষণ করছি। আমরাই শব্দ দূষণ করছি, বায়ু দূষণ করছি। শহরের দূষণ বন্ধে আমাদের নিজেদের ঠিক হতে হবে, সচেতন হতে হবে। শুধু সরকার, সিটি কর্পোরেশন দায়িত্ব নিলে হবে না। সবাইকে দায়িত্ব নিতে হবে।

আতিকুল ইসলাম বলেন, ‘শহরের উড়াল সড়কের পিলারগুলোতে তাকালে দেখা যায় যত্রতত্র পোস্টার লাগানো, অমুক ভাই সালাম নিন, তমুক ভাই এগিয়ে চলুন, ভাই আপনি নেতা হবেন, আমরা আপনার পেছনে আছি এসব লেখা পোস্টারে ভরা।

যত ধরনের তেলবাজি, পাম-পট্টি সব পোস্টারের মাধ্যমে করা হচ্ছে। নিচের দিকে লিখে রাখে সৌজন্যে অমুক। এসব সৌজন্যে অমুকদের বলতে চাই এগুলো বন্ধ করুন। অন্যথায় আমরা আইনানুগ ব্যবস্থা নিব। জেল হবে, জরিমানা হবে।
তিনি বলেন, ক্রেতাদের অনুরোধ করছি এসব পরিত্যক্ত মার্কেট পরিহার করুন। আমরা কাওরানবাজার স্থানান্তরে কাজ শুরু করেছি।

অন্যগুলোও স্থানান্তর অথবা নতুন মার্কেট নির্মাণ করে দেবো। এক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফ-উল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আ, ন, ম তরিকুল ইসলাম, ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ডিএনসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম প্রমুখ।

Facebook Comments Box