সিলেটের জৈন্তাপুরে বাস, টমটম ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার পাচহাট গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আতাউর রহমান সানি (৫৫), টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) যাত্রী জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত গ্রামের মুহাম্মদ আব্দুর রহমানের ছেলে মুহাম্মদ রোকন উদ্দিন (৪৫) ও সিলেট সদর উপজেলার খাদিমনগরের রস্তুমপুর গ্রামের মঞ্জুর আলমের ছেলে তাহমিদ তাসিন (১২)। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সবাই বাসের যাত্রী ছিলেন।
সিলেট থেকে জাফলংগামী ওই বাসের যাত্রীরা জানান, হরিপুর ৭নং গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি টমটমকে আচমকা ওভারটেক করে একটি মোটরসাইকেল। ওভারটেক করে মোটরসাইকেলটি একেবারে তাদের বাসের (সিলেট- মেট্রো- ব-১১-০০০১) সামনে চলে আসে। এসময় বাস, টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি বাসের ধাক্কা খেয়ে টমটমের ওপর গিয়ে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশুসহ তিনজন নিহত ও অন্তত ২০ জন আহত হন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।
















