আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কখনও মানবাধিকার লঙ্ঘন করে না, সুরক্ষা দেয়।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় দলের সভাপতি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের (নূর চৌধুরী এবং এএম রাশেদ চৌধুরী) আশ্রয় দিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডা মানবাধিকারের কথা বলে। আমার পরিবারকে হত্যা করতে ধানমণ্ডির ৩২ নম্বরে সরাসরি গিয়েছিল নূর চৌধুরী। সে এখন কানাডায় আছে। কানাডার সরকারকে বারবার বলছি ফেরত দেওয়ার জন্য। কিন্তু তারা ফেরত দেয় না। তারা আবার মানবাধিকারের কথা বলে।
তিনি বলেন, দেশবাসীর কাছে আমার প্রশ্ন- আমার পরিবারকে হারিয়েছি, হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে, গুম করা হয়েছে। একবারও কি ভেবেছেন তখন মানবাধিকার কোথায় ছিল।
সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি প্রমুখ।
















