সব ওয়ার্ডেই হলিডে মার্কেট করা হবে বলে জানিয়েছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির উদ্যোগে প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের কুটিরশিল্প, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের পণ্য ও খাদ্যপণ্য নিয়ে শুরু হলো হলিডে মার্কেট। সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার সবার জন্য উন্মুক্ত থাকবে এ মার্কেট। শুক্রবার আগারগাঁওয়ে এই হলিডে মার্কেটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।
এ সময় আতিকুল ইসলাম বলেন, এসএমই উদ্যোক্তাদের পণ্যের বিক্রয় ও বিপণন এবং এসএমই খাতকে এগিয়ে নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঐক্য ফাউন্ডেশন প্রথমবারের মতো এই মার্কেটের আয়োজন করেছি। আমরা পাইলট প্রকল্প হিসেবে আগারগাঁওয়ের এই রাস্তায় শুরু করেছি। সড়কটির উত্তর-দক্ষিণ দুই ধারের সুবিস্তৃত গাড়ি পার্কিংয়ের স্থানে শুক্রবার ও শনিবার ছুটির দিনে হলিডে মার্কেট বসবে। এখানে পাইলট পকল্প সফল হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডেই আমরা এমন হলিডে মার্কেট করবো। খুব শিগগিরই এটা বাস্তবায়ন করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন,’হলিডে মার্কেটের শুভ সূচনা করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি বলতে চাই এমন সব উদ্যোগে নারী উদ্যোক্তাদের সম্পৃক্ত করুন। নারীরা যে তাদের উদ্যোগগুলো নিয়ে আরও এগিয়ে যেতে পারে সেই পদক্ষেপ গ্রহণ করুন। মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে অর্ধেক নারী, আর ভোটার হিসেবে বিবেচনা করলে কিঞ্চিৎ বেশি। তাই এই নারীদের রেখে আমরা বেশিদূর এগুতে পারব না। তাদের সব কিছুতে সম্পৃক্ত করতে হবে। তাদের মাধ্যমে আমরা আরও এগিয়ে যেতে পারবো। এই হলিডে মার্কেট অত্যন্ত সুন্দরভাবে পরিচালিত হতে হবে, কোনোভাবেই যেন এর মিস ম্যানেজমেন্ট না হয়। আর এর পরিধি আরও বাড়িয়ে সুন্দরভাবে পরিচালনা করার উদ্যোগ নিতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ স্থানীয় কাউন্সিলরবৃন্দ।














