বৈশ্বিক বিবেচনায় আমরা অনেক ভালো আছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইতিমধ্যে অনেক পণ্যের দাম কমেছে উল্লেখ্য করে আগামীদিনে আরও দাম কমার ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ভোক্তা অধিদপ্তর।
শুক্রবার রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায়, পেঁয়াজ আমদানি কমানো হয়েছে। এতে করে দেশের কৃষকরা কিছুটা দাম পাবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে ব্যবসা বাণিজ্য নিয়ে। এতে করে দুই দেশের পণ্য আদান-প্রদানসহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে।
তিনি বলেন, আগামী মে মাসে হাইড্রোপাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ভুটানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন মন্ত্রী।
এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
















