বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার উদ্যোগে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নবীন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও নারী অধিকার আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম।
নবীন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক আঞ্জুমান আরা ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থার সহকারী সেক্রেটারি জেনারেল ও সাহিত্য সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল রাইসা রিফাত জুইন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. নাঈমা মোয়াজ্জেম শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে কাজে লাগানোর তাৎপর্য তুলে ধরে বলেন, যে যেই সাবজেক্টে পড়ে সে সেই সাবজেক্টে (বিষয়ে) মুসলিম স্পেশালিস্ট হতে হবে। কারণ ইসলামী শিক্ষা ও আদর্শ ব্যতিত কোনো শিক্ষাই নিজের এবং সমাজের কল্যাণ বয়ে আনে না, আনতে পারে না।
বিশেষ অতিথির বক্তব্যে রাইসা রিফাত জুইন বলেন, নিজেকে পুরো পৃথিবীর জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। একাডেমিক পড়াশোনায় মনোযোগী হতে হবে ও প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন আমাদের জীবনের সবচেয়ে বড় দক্ষতা। তিনি শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও দক্ষতা অর্জনের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য হিসেবে গ্রহণ করার আহ্বান জানান।
নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে অর্থবহ, কল্যাণমুখী ও আদর্শিক চেতনায় সমৃদ্ধ করার প্রত্যাশায় আয়োজিত নবীন সংবর্ধনা আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
















