শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি বলেছেন, লেখাপড়ায় আর কোনো দুর্নীতি হবে না। দেশে আর নকলও চলবে না। যেসব শিক্ষকরা ক্লাস বাদ দিয়ে রাজনৈতিক দলের মিছিল মিটিং করেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেতনভুক্ত শিক্ষকরা প্রজাতন্ত্রের কর্মচারী। যখন তখন মিছিল মিটিং করে রাষ্ট্রদ্রোহ কাজ করবেন না। অনেক শিক্ষক রয়েছেন ক্লাসে না পড়িয়ে কোচিং সেন্টারে পড়ান। আমি তালিকা করছি। এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে গিয়ে পড়াতে পারবেন না।
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী আরো বলেন, পাবলিক পরীক্ষায় এবার কোথাও এসএসসি ও এইএসসির প্রশ্নপত্র ফাঁস হয়নি। মনে রাখতে হবে আগামী দিনের বাংলাদেশে আর কোনো দিন প্রশ্নপত্র ফাঁস হবে না। মন্ত্রী আরো বলেন, শিক্ষা মন্ত্রণালয়কে সাড়ে তিন লাখ বাইসাইকেল কেনার দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সারা দেশে মেয়েদের এসব সাইকেল বিতরণ করা হবে। সারা দেশের শিক্ষার্থীদের ৩০ হাজার কম্পিউটার দেওয়া হবে।
















