দেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) যেভাবে সন্ত্রাসী কর্মকান্ড করে গিয়েছিল, সেভাবেই ফেরার চেষ্টা করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি নাম দিতে চাই না। এটি সন্ত্রাসী কর্মকান্ড। বুধবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইন্ডিয়ার সঙ্গে আমাদের ইন্টারন্যাশনাল ব্যাপারগুলোতে অনেক আলাপের বিষয় আছে। উনি (শেখ হাসিনা) কি অ্যাসাইলামে আছেন, নাকি ট্যুরিস্ট ভিসায় আছেন? কীভাবে আছেন, সেটা আমরা জানি না। আমরা প্রচলিত আইন যেটা, সেটা দিয়ে বলছি। ওনাদের বিরুদ্ধে মামলা আছে, জাজমেন্ট হয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশ সরকার সেটাই দাবি করবে। আমাদের যে চুক্তি আছে, সেভাবেই ওনাকে পাঠাতে হবে।
তিনি বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয়, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট নিয়ে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, একটি সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্যে প্রথমেই এর আর্থিক ভিত্তি শক্ত থাকা অত্যন্ত জরুরি। ফোরামের হাতে পর্যাপ্ত অর্থ না থাকলে সংগঠনটির কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন করা হয়েছে, সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন।
সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক, কোন গণমাধ্যম নিবন্ধিত, এসব বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে গেলে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না। বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত নানা সমস্যা তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
















