প্রতিরোধে কোন প্রযুক্তি না থাকায় ভূমিকম্প ভবিষ্যতে আরো হবে

বেশি লাভের আশায় অনেক প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী বৈধভাবে ভবন নির্মাণ করে না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যাতে জাতীয় বিল্ডিং কোড অনুসরণ ব্যতীত কোন স্থাপনা তৈরি হতে না পারে সেজন্য যে প্রতিষ্ঠানসমূহ স্থাপনা তদারকির দায়িত্ব রয়েছে তাদের আরও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ভূমিকম্প ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভূমিকম্প প্রতিরোধে কোন প্রযুক্তি না থাকায় ভূমিকম্পঅতীতেও হয়েছে এবং তা ভবিষ্যতেও হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আমাদের করণীয় হচ্ছে যে কোন বিল্ডিং বা অবকাঠামো তৈরি করার সময় ভূমিকম্প সহনীয় ও জাতীয় বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ করা।

রাজধানী ঢাকার অনেক এলাকায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ চালানোর মতো অবকাঠামো ও সুযোগ নেই। সময় থাকতে আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। স্থানীয় সরকার মন্ত্রী তুরস্কের সম্প্রতিক ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, সেখানে প্রশস্ত রাস্তা ও উন্মুক্ত স্থান ছিল যেখানে মানুষ ভূমিকম্পের সময় নিরাপদ আশ্রয় পেয়েছিল ফলে মানুষের প্রাণহানি কম হয়েছে। ঢাকায় সে বাস্তবতা কতটুকু রয়েছে তা জনগণের সামনে প্রতিনিয়ত উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যম সচেতনতামূলক কার্যক্রম নিতে পারে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ও গুরুত্ব অপরিসীম।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরাকৌশল বিভাগের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী এবং সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী।

Facebook Comments Box