নির্বাচন নিয়ে কিছু বিতর্ক থাকতেই পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, পৃথিবীর যেকোনো দেশের কথা বলেন, নির্বাচনে কম-বেশি কিছুটা টেন্স আছে। মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ভারতে বা বাংলাদেশে হোক। কোথাও একটু বেশি, কোথাও একটু কম। বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আগে যখন নির্বাচন হতো তখন অনেক রকম নাশকতা হতো উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, আস্তে আস্তে কমতে কমতে এখন একটা সম্মানজনক অবস্থায়, সহনীয় জায়গায় এসে যাচ্ছে। তাজুল ইসলাম বলেন, আমেরিকায় যেমন ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন… সেখানে অনেক বিতর্ক আছে। ইলেকশন নিয়ে বিতর্ক কিছু থাকবেই। তবে এটা সম্ভাব্যভাবে কমিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত। আমরা সরকারের পক্ষ থেকেও চাই একটা শৃঙ্খলা আসুক।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভায়োলেন্স আগের তুলনায় কমেছে। আগে তো মোটরসাইকেল নিয়ে গিয়ে মারামারি-পিটাপিটি করে, কেন্দ্র থেকে সবাইকে পিটিয়ে বের করে সিল মেরে ১০৯ শতাংশ ভোটে পাশ ঘোষণা করেছে। এখন তো ওই জায়গা থেকে আমরা কিছুটা বের হয়েছি। তারপরও আমাদের ভেতরে বিতর্ক আছে।
তিনি বলেন, মন্ত্রী হিসেবে না। মন্ত্রী তো নির্বাচনে কোনো দায়িত্ব পালন করে না। সচেতন মানুষ হিসেবে তো আমি দেখছি। আমরা চাই এই অবস্থার উন্নতি হোক। ইসি থেকে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৪৮০টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৫১টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচনের ব্যাপারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ন্যূনতম কোনো সংযোগ নেই। আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থায় অবস্থান করছি। নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো রকম সংশ্লিষ্টতা নেই। যারা নির্বাচিত হবে তারা আমাদের মন্ত্রণালয়ের অধীনে কাজ করবে।
















