ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত এলাকার অন্তত তিনটি প্রধান সড়কের নির্মাণ কাজ আগামী ৩ মাসের মধ্যে সম্পন্নের নির্দেশ দিয়েছেন মেয়র মোঃ আতিকুল ইসলাম। রোববার নগর ভবনে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন রাস্তার জটিলতা ও প্রতিবন্ধকতা নিরসনের লক্ষ্যে ডিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন ডিএনসিসি মেয়র।
এসময় মেয়র বলেন, ‘জনদুর্ভোগ লাঘবে নতুন এলাকার সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন প্রকল্পভুক্ত ৩টি প্রধান সড়ক: কসাইবাড়ী রোড, আজমপুর রোড ও হরিরামপুর রোড আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। পাশাপাশি প্রকল্পভুক্ত অন্যান্য রাস্তাসমূহের উন্নয়ন কাজও দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
নতুন এলাকার জনগণের চলাচলের সুবিধার জন্য এই প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে জানিয়ে তিনি বলেন, আমি ওই এলাকার জনগণকে প্রকল্পের কাজ বাস্তবায়নে সহযোগিতার আহবান করছি। রাস্তার সীমানার মধ্যে যাদের অবৈধ স্থাপনা রয়েছে নিজ দায়িত্বে সরিয়ে নিবেন। অবৈধ স্থাপনার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে কোন বৈধ নোটিশ দিব না। নিজেরা না সরালে আমরা বুলডোজার চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবো।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ব্যবস্থার উন্নয়ন (ফেজ-১) শীর্ষক ৪০২৫.৬২ কোটি টাকার জিওবি প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কর্তৃক বাস্তবায়নাধীন রয়েছে। সভায় অন্যান্যের সঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, প্রধান প্রকৌশলী প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মুহঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শরীফ উদ্দীন, প্রকল্প পরিচালক তত্ত¡াবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনট্রাকশন ব্রিগেডের প্রতিনিধি এবং ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
















