প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন না মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপনারা যেটি চান, সেটি হবে না। এ অবস্থায় বিএনপি ইচ্ছা হলে নির্বাচনে আসবে, না হলে যা খুশি তাই করবে ৷
শনিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয় ৷
আলোচনা সভায় বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার হবে না, শেখ হাসিনা পদত্যাগ করবেন না, সংসদ বিলুপ্ত হবে না।
ইচ্ছা হলে নির্বাচনে আসবেন, তাহলে না হলে যা খুশি তাই করবেন। তবে আগুন নিয়ে আসবেন না, আগুন নিয়ে আসলে প্রতিরোধ করা হবে, সমুচিত জবাব দেওয়া হবে। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে৷
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজলুর রহমান বাবু।














