ক্ষমতায় থেকে যারা উন্নয়ন করেনি তারাই উন্নয়ন দেখতে পাচ্ছে না

যারা একাধিকবার ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করতে পারেনি তারাই এখন কোনো উন্নয়ন দেখতে পাচ্ছে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সাধারণ জনগণ যারা তারাই উন্নয়ন চায় ও তারা দেশের উন্নয়ন প্রত্যাশা করে। গতকাল বুধবার দক্ষিণ বনশ্রী এলাকায় ২ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব’ এ প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ মন্তব্য করেন।

যারা জীবনে উন্নয়ন করেনি তারা কিভাবে উন্নয়ন দেখবে উল্লেখ করে মেয়র আরো বলেন, যারা উন্নয়ন করে, উন্নয়ন করতে পারে তারাই উন্নয়ন দেখবে। আগে যারা ৩/৪ বার ক্ষমতায় ছিল। তারা বিদ্যুৎ দিতে পারেনি। তারা মেট্রোরেল দিতে পারেনি, পদ্মাসেতু দিতে পারেনি। সুতরাং তারা উন্নয়ন চোখে দেখতে পাবে না। তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট চিন্তাও করতে পারে না। মাতারবাড়ি (গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু চিন্তা করে নিজেদের উন্নয়ন, নিজেদের পেট ভরা আর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সুতরাং তাদের চোখে কোনোদিনও উন্নয়ন দেখা যাবে না। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে উন্নয়ন দেখতে হবে।

২০০৮ সালে চারদলীয় জোটের অপকর্ম, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল উল্লেখ করে শেখ তাপস বলেন, একসময় তারা বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আজ তারা কাঁন্দে। এখন ভাবে, ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালে বাঙালি জাতি তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, অপকর্মের বিরুদ্ধে শিক্ষা দিয়ে তাদেরকে আসন দিয়েছিল মাত্র ২৯টা। ৩০টা আসনও তারা পায়নি। বিএনপি নেতৃত্ব খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে মন্তব্য করে মেয়র বলেন, ২০১৮ সালের নির্বাচনে তারা এসেছিল। তখন আর নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে নাই। তখন আর বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে নাই। এখনোও বলে না। বেগম খালেদা জিয়াকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর বেগম খালেদা জিয়ার দরকার নাই। তারা এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানেনি। তারা একেক সময় একেক কথা বলে। তারা এখন বলে, আমরা নাকি পাঁচটি আসনও পাবো না। অথচ ২০১৮ সালের নির্বাচনে তারা সর্বসাকুল্যে ৮টি আসন পেয়েছিল। ১০টি আসনও জুটে নাই। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।

অনুষ্ঠানে মেয়র ২ নম্বর ওয়ার্ডে গত ৩ বছরে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে গোড়ান খেলার মাঠ প্রতিষ্ঠা, এসটিএস নির্মাণ, রাস্তাঘাটসহ নানাবিধ উন্নয়ন করা হয়েছে বলে জানান। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মকছুদ হোসেন, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ইয়াসমিন বিপ্লবী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সোয়ে মেন জো, কাউন্সিলরদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডের মো. মাহবুবুল আলম, ৪ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মো. সিরাজুল ইসলাম ভাট্টি, ৭৩ নম্বর ওয়ার্ডের মো. জিয়াউল হক ও ৭৪ নম্বর ওয়ার্ডের মো. আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box