ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ১৯নং ওয়ার্ডের আওতাধীন বনানী এলাকায় রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এসে সাধারন মানুষের চলাচলে অনেক সুবিধা হয়েছে।
সোমবার ডিএনসিসির অভিযানে বনানী ১৭, ১৭/এ, ১৮, ১৯, ১৯/এ, ও ২৫ নম্বর রোডে ও দুই পাশের ফুটপাত দখল করে রাখা দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে প্রায় দুই কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করায় ডিএনসিসিকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
এ সময় ডিএনসিসি’র ফুটপাত অবৈধ ভাবে দখল করায় ০৫ টি মামলায় মোট ০২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ। এসময় মোঃ জুলকার নায়ন বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এবং শৃঙ্খলা নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। যেখানে এ ধরনের অবৈধ স্থাপনা থাকবে সেখানেই এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
















