ধারালো অস্ত্রাঘাতে বাবার হাতে মেয়ে খুন

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের কিস্তির টাকার জেরে ধারালো অস্ত্রাঘাতে বাবার হাতে মেয়ে মর্জিনা খাতুন (৩০) খুন হয়েছেন। এ সময় মৃতের মেয়ে রেক্সোনা (১৩) জখম হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার মর্জিনা খাতুন উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের স্কুলপাড়া গ্রামের আজিজুলের মেয়ে। রক্তাক্ত আহত রেক্সোনা (১৩) তার নাতনি। সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।

নিহত মর্জিনা খাতুনের মা সয়েনা খাতুন বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর তার একমাত্র মেয়েকে নিয়ে মর্জিনা তাদের সঙ্গে একই বাড়িতে বসবাস করত। শনিবার রাত ৮টার দিকে সমিতির ঋণের কিস্তির টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে মর্জিনার সঙ্গে তার বাবা আজিজুলের ঝগড়া হয়। গভীর রাতে মর্জিনা তার মেয়ে রেক্সোনাকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিল; এ সময় তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যান আজিজুল। এ ঘটনার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, মর্জিনাকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। রেক্সোনার হাত অস্ত্রাঘাতে কেটে যাওয়ায় সেখানে সেলাই দেওয়া হয়েছে। সে এখন আশঙ্কামুক্ত।

এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে। ঘাতক আজিজুলকে আটক করার চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box