নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ সময় নিহত ওই নারীর স্বামীসহ আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের ভঙ্গানিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নাসিমা আক্তার নামে মোটরসাইকেল আরোহী এক নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানায়,নিহত সুফিয়া আক্তার ও তার স্বামী গাজীপুরে পোশাক কারখানায় কাজ করতেন। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তারা পরিবারের লোকজনসহ গাজীপুর থেকে সরাসরি সিএনজি যোগে কেন্দুয়া উপজেলার উলুয়াটি নিজ গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে কেন্দুয়া উপজেলার ভঙ্গানিয়া নামক স্থানে সিএনজিটি পৌছলে আঠারবাড়িগামী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি যাত্রী পোশাক শ্রমিক সুফিয়া আক্তার, তার স্বামী আব্দুল মালেক, মজিবুর রহমান ও মোটরসাইকেল আরোহী নাসিমা আক্তার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুফিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্যদের মধ্যে কেন্দুয়া পৌরশহরের সাউদপাড়া এলাকার বাসিন্দা নাসিমা আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহত ওই নারীর মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















