নির্বাচনে অঘটন ঘটিয়ে পালানোর সুযোগ নেই

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে একটিও যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে বিষয়ে নির্বাচন কমিশন সোচ্চার রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রাণও যেন না যায়। এ ছাড়া প্রার্থী ও তাদের সমর্থকরা সম্মানিত। কেউ যেন কারও সম্মানে আঘাত না করে।

রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অঘটন ঘটিয়ে যাবেন কোথায়? এয়ারপোর্ট ও সীমান্তে বলা আছে। অঘটন ঘটিয়ে কেউ দেশের বাইরে পালাতেও পারবেন না, শান্তিতেও থাকতে পারবেন না।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটারদের কোনো ভয় নেই। ভোট সুষ্ঠু করার জন্য যত রকম বাহিনী দরকার সব মাঠে নামানো হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নামানো হচ্ছে।

সাংবাদিক পর্যবেক্ষকের বিষয়ে তিনি বলেন, এবার শুধু বৈধ সাংবাদিকরাই পর্যবেক্ষণের কার্ড পাবেন। দোকান থেকে একটা ক্যামেরা নিয়ে গিয়ে আমি সাংবাদিক হলাম এমন কাউকে কার্ড দেওয়া হবে না। কেন্দ্রে গিয়ে ছবি নেওয়া, বক্তব্য নেওয়া, লাইভ প্রচার করা যাবে। তবে কক্ষে লাইভ প্রচার করা যাবে না।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আবুজাফর রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলার পুলিশ সুপার মো. আসলাম খানসহ মুন্সীগঞ্জের তিনটি আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box