ড. ইউনূসও ক্রিমিনাল কাজ করেছেন

পররাষ্ট্রমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. একে আব্দুল মোমেন বলেছেন, পৃথিবীতে বহু সম্মানিত লোক আছেন যারা ক্রাইম করেন। তারা শাস্তিও পান। আমাদের ড. ইউনূসও ক্রিমিনাল কাজ করেছেন। আমি যেটা জানি- তিনি তার শ্রমিকদের টাকা দেননি। ওদের তিনি ঠকিয়েছেন। সেই জন্য তার বিরুদ্ধে জাজমেন্ট হয়েছে। এটা কোর্টের ব্যাপার। আইন অনুযায়ী তার বিচার হয়েছে। যদিও তিনি আমাদের জাতীয় সম্পদ। তিনি নোবেল বিজয়ী। আমরাও তাকে অত্যন্ত সম্মান করি।

সিলেট মহানগরের ধোপাদীঘিরপাড়ের প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে মঙ্গলবার বিকালে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে ড. মোমেন বলেন- আওয়ামী লীগ সরকার প্রবাসীবান্ধব। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে স্বাধীনতাযুদ্ধ ও একাত্তর পরবর্তী দেশ গঠনে প্রবাসীরা সবসময় বঙ্গবন্ধুর সঙ্গে ছিল। শেখ হাসিনাকেও আশ্রয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রবাসীরাই। প্রবাসীরা দেশপ্রেমিক- তাদের স্বদেশপ্রেম প্রগাঢ়।

মতিবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার ৩০ ডিসেম্বরকে প্রবাসী দিবস হিসেবে ঘোষণা করেছেন। দেশের উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশগ্রহণ জরুরি। আমরা চাই দেশের কোথায় কী সুযোগ রয়েছে তা প্রবাসীরা জানুক- যাতে তারা সম্পৃক্ত হতে পারে। সরকার প্রবাসীদের ৩৪টি সেবা ডিজিটাল অ্যাপসের মাধ্যমে প্রদান করছে।

দেশে প্রবাসীদের হয়রানি বিশেষ করে জমি-সম্পত্তি বেদখল রুখতে র্যাপিড ট্রাইব্যুনাল গঠন ও ভূমি প্রশাসন শক্তিশালী করার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

সভায় প্রবাসীরা তাদের বিভিন্ন অনুযোগ, অভিযোগগুলো তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের কথা জানান।

প্রবাসী ব্যক্তিত্ব সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আওয়ামী সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, মাহার স্বত্বাধিকারী মাহি উদ্দিন সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক একাত্তরের কথার প্রকাশক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

Facebook Comments Box