দেশে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরও ৪৫ জন ভর্তি হয়েছেন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৮ জন এবং ঢাকার বাইরে ২৭ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকায় মারা যান।
চলতি বছরের মোট চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। চলতি বছরের ৯ জানুয়ারি পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। এর মধ্যে ঢাকাতে ১৮৪ জন এবং ঢাকার বাইরে ৩০১ জন।
চলতি বছরে এ পর্যন্ত ৮২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ২৬৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬২ জন।
বর্তমানে সারা দেশে মোট ৩৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। ঢাকায় ১৯০ জন এবং ঢাকার বাইরে ১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি আছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।















