নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন প্রকল্প গ্রহণ করা হবে

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন, স্থানীয় সরকারমন্ত্রী। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা নির্ধারণ করেছেন তা সঠিকভাবে বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে ধরনের কর্মপরিকল্পনা দরকার তা করা হবে। রোববার সচিবালয় নিজ দপ্তরে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগমসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের ফুলেল সংবর্ধনা কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের অধীনস্থ সকল অধিদপ্তরের দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আস্থায় রাখার জন্য ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগের চলমান প্রকল্পগুলো গুণগতমান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন মন্ত্রী। এসময় স্বাগত বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম বলেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে টানা দ্বিতীয় মেয়াদে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে মোঃ তাজুল ইসলাম স্যারকে আমাদের মাঝে পেয়েছি। বিগত সময়ের মতো ভবিষ্যতেও তিনি তাঁর সুদৃঢ় নেতৃত্ব দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সামনের দিকে এগিয়ে নেবেন।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় উপস্থিত কর্মকর্তাদের অভিবাদন গ্রহণ করে বলেন, আপনাদের সাথে পূর্বে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরো সুন্দর এবং জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, গত ৫ বছর এই মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা আমাকে অনেক সম্মৃদ্ধ করেছে, আমাদের সকল প্রতিষ্ঠান যার যার জায়গা থেকে কাজ করলে আমরা স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছতে পারব। এ সময় গৃহীত প্রতিটি প্রোজেক্টের কোয়ালিটি এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার আহবান জানান মন্ত্রী।

Facebook Comments Box