বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে পাইন্দু ইউনিয়নের চেয়ারম্যান উহ্লামং মারমাকে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। অপহরণের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সশস্ত্র সদস্যরা জড়িত বলে দাবি করেছেন চেয়ারম্যানের সফরসঙ্গীরা। রোববার বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, রুমা উপজেলার পর্যটন স্পট ক্যাওক্রাডং পাহাড় এলাকা থেকে ফেরার পথে হারমুনপাড়া এলাকায় চান্দের গাড়ি থামিয়ে পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমাকে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর চেয়ারম্যানের মুক্তিপণ বাবদ মোটা অংকের টাকা দাবি করেছে অপহরণকারীরা।
নামপ্রকাশে অনিচ্ছুক চেয়ারম্যানের কয়েকজন সফরসঙ্গী বলেন, প্রতিটি চান্দের গাড়িতে ১৮ জন করে দুটি গাড়ি নিয়ে ৩৬ জন রোববার সকালে কেওক্রাডং এলাকায় একটি এনজিও প্রজেক্ট দেখতে যান। দুপুরে খাওয়া-দাওয়া শেষে রুমা উপজেলা সদরের উদ্দেশ্যে ফেরার পথে কেএনএফ সদস্যরা গাড়ির গতিরোধ করে। জলপাই রঙের সামরিক পোশাক পরিহিত সাতজন সশস্ত্র কেএনএফের সদস্য চেয়ারম্যানকে অপহরণ করে নিয়ে যায়। অন্যদের ছেড়ে দেয়। তবে কাউকে না বলার জন্য হুমকিও দেয় সন্ত্রাসীরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুমা থানার ওসি মো. শাহজাহান বলেন, অপহরণের বিষয়টি শুনেছি। জেলা পুলিশের কার্যালয়ে একটি মিটিং শেষে আমি রুমায় এসেই কাজ শুরু করেছি। ঘটনাস্থলের ওখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক বলেন, বগালেক-হারমুনপাড়ার মধ্যখানের একটা এলাকা থেকেই চেয়ারম্যানকে অপহরণের বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। অপহরণকারীরা মুক্তিপণও চেয়েছে। মুক্তিপণ দিলে তারা ছেড়ে দেবে বলে শুনেছি।















