দক্ষিণ সিটির মাধ্যমে ৭ লক্ষ টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে ৭ লক্ষ টিসিবি কার্ড বিতরণ করা হয়েছে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হয়ে জনকল্যাণে কাজ করে চলেছেন। তিনি বুঝেন কার কি কষ্ট, কার কি বেদনা। তিনি সর্বাত্মকভাবে সেটা উপলব্ধি করেন বলেই সবসময় সাধারন মানুষের পাশে থেকে জনকল্যাণে নিজেকে নিবেদিত করেছেন। বুধবার ডিএসসিসির ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের শীতার্ত বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে শেখ তাপস এ কথা বলেন।

শেখ তাপস বলেন, যখন সারাবিশ্বে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি তখন শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন। সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী পায়, তাদের যাতে কোনো ভোগান্তি না হয়, সেজন্য তিনি ১ কোটি টিসিবি কার্ড প্রদান করেছেন। এই টিসিবি কার্ডের মাধ্যমে শুধু নিম্ম আয়ের মানুষই নয়, মধ্যম আয়ের জনগোষ্ঠীও ন্যায্য মূল্যে খাদ্য সামগ্রী পাচ্ছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা ঢাকায় প্রায় ৭ লক্ষ টিসিবি কার্ড প্রদান করেছি। এ সময় ১৬ নম্বর ওয়ার্ডে ২ হাজার এবং ১৭ নম্বর ওয়ার্ডে ১ হাজার ৬০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।এর আগে ঢাদসিক মেয়র হাতিরপুল বাইতুল মোমিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নূরানী শাখার ৩য় তলার নতুন ভবনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মাহবুবুর রহমান, সংরক্ষিত আসনের কাউন্সিলর নারগিস মাহতাব প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box