রপ্তানির খাতের সুবিধার্থে বৈদেশিক মুদ্রা বিনিময় হার নির্ধারণে বাংলাদেশ ব্যাংকের আরও সচেতন হওয়ার উচিত। একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির কার্যকারিতা ভূমিকা রাখতে না পারায় পরিস্থিতি বিবেচনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।
শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘এলডিসি পরবর্তী সময়ে বাংলাদেশের রপ্তানি খাতের প্রস্তুতি’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তারা।
ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সানেম-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।
মূল প্রবন্ধে ড. সেলিম রায়হান বলেন, ২০২৬ সালের নভেম্বরে বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে বেশকিছু চ্যালেঞ্জের পাশাপাশি সুযোগও তৈরি হবে। তবে সেগুলো মোকাবেলার জন্য এখনই যথাযথ কর্মপরিকল্পনা প্রণয়ন ও নির্ধারিত সময়ে বাস্তবায়ন একান্ত অপরিহার্য। চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে- নীতি সহায়তা ও সংষ্কার, অর্থায়ন, লজিস্টিক খাতের উন্নয়ন, দক্ষ জনশক্তি এবং আর্থিক খাত।
সেলিম রায়হান বলেন, গত ৫ দশকে রপ্তানি বাড়লেও রপ্তানি পণ্যের বৈচিত্রকরণে বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে, যেখানে প্রতিযোগী দেশগুলোর অগ্রগতি লক্ষণীয়। মুদ্রানীতি এবং অর্থবিষয়ক নীতিমালার সমন্বয়, সরকারি সংস্থাগুলোর সক্ষমতা বাড়নো, খেলাপী ঋণ হ্রাস এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পুঁজিবাজারের নির্ভরতা বৃদ্ধির বিষয়গুলো এলডিসি পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন তিনি।
তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির কার্যকারিতা তেমন পরিলক্ষিত হয়নি। এ অবস্থায় পরিস্থিতি বিবেচনায় আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বৈদেশিক মুদ্রার বিনিময় হারে নির্ধারনের আরও সচেতন হতে পরামর্শ দেন।
অনুষ্ঠানের নির্ধারিত আলোচনায় অংশ নেন বিজিএমইএ পরিচালক ও উর্মি গার্মেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি।
বিজিএমইএ পরিচালক ও উর্মি গার্মেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ বলেন, কোনো প্রকার আলোচনা ছাড়াই পোশাক খাতের প্রণোদান প্রত্যাহার করা হলো। যদিও এ খাতের মাধ্যমে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। শিল্পের স্বার্থে প্রণোদনা সুবিধা ২০২৬ সাল পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানান। আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশে বৈদেশিক মুদ্রার একটি সহায়ক এক্সচেঞ্জ রেট থাকা দরকার বলে তিনি মত প্রকাশ করেন।
সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারি বলেন, তৈরি পোষাক ছাড়া পাট, চামড়া ও চা প্রভৃতি পণ্যে রপ্তানি তেমন উল্লেখজনক নয়, কারণ হলো নীতি সহায়তা ও সক্ষমতার অপ্রতুলতা। বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো কিভাবে তাদের রপ্তানিকারকদের সহায়তা দিচ্ছে তা অনুসরণ করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বৈদেশিক মুদ্রার একক বিনিময় হার নির্ধারনের উপর জোরারোপ করে তিনি বলেন, ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস করতে না পারলে উদ্যোক্তারা সক্ষমতা হারাবে। দীর্ঘমেয়াদী নীতি সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তাদের আশ্বাস বাড়ালে দেশি-বিনিয়োগ বাড়বে বলে তিনি মত প্রকাশ করেন।















