সবারবাংলা প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রানাধীন গুলিস্তানের ফুলবাড়িয়ার তিনটি মার্কেটের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সিন্ডিকেট থেকে মুক্তি চান দোকান মালিকরা। দোকান মালিকদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের পর মার্কেটের স্ব ঘোষিত সভাপতি দেলোয়ার হোসেন দিলু গা ঢাকা দিলেও ফের মার্কেট দখল করার নানা হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে। নানা ভ‚য়া মামলা দিয়ে ব্যবসায়ীদের হয়রানি করছে। এর আগে দিলু ১ হাজার ৪০০ দোকান থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
রোববার জাকের সুপার মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাকের সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা ওবায়েদ উল্লাহ খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতা নূর মিয়া, মহিউদ্দিন আহমেদ, আব্দুল মান্নান, আলমগীর হোসেন, আব্দুল হান্নান প্রমুখ। তাছাড়া নগর প্লাজা ও সিটি প্লাজার ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ব্যবসায়ীরা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রানাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২, ব্লক- এ, বি, সি (জাকের সুপার মার্কেট) গত ২০২০ সালের ৮ ডিসেম্বর প্রায় ১ হাজার ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। এর আগে মার্কেটের মেয়াদ উত্তীর্ণ সভাপতি দেলোয়ার হোসেন দিলু তিনটি মার্কেটের খোলা জায়গা, বারান্দা, বাথরুম ভেঙ্গে দোকান নির্মান করে সাধারণ ব্যবসায়ীদের নিকট লক্ষ লক্ষ টাকায় অন্যায়ভাবে বিক্রি করেছেন এবং দোকান সিটি করপোরেশন থেকে স্থায়ী বরাদ্দ করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। কিন্ত বছরের পর বছর পার হয়ে গেলেও তিনি ব্যবসায়ীদের দোকান বৈধ করে দেননি। তারা বলেন, আমরা ব্যবসায়ীরা এর অবসান চাই। সরকারকে রাজস্ব প্রদানসহ সিটি করপোরেশনের যাবতীয় কর প্রদান করে ব্যবসা পরিচালনা করি। দেশ আজ উন্নয়নের দ্রুত বাহনে। আমরা ব্যবসায়ীরা এর অংশীদার হতে চাই।
সুতরাং আমাদের নিরাপত্তা অতীব জরুরি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস আমাদের আশ্বস্ত করেছেন, একটি সুষ্ট নির্বাচনের মাধ্যমে মার্কেট গুলোর প্রতিনিধি নির্বাচিত করা হবে এবং নির্বাচিত কমিটির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের চিন্তা করছেন।
যার পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর সাধারণ সভার মাধ্যমে একটি নির্বাচন কমিশনার গঠন ও নির্বাচনি তফসিল ঘোষণা করা হয়। তারা আরও বলেন, তফসিল অনুযায়ী গত ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেলোয়ার হোসেন দিলু ভুয়া বাদী বানিয়ে মহামান্য হাইকোর্ট কর্তৃক রিটপিটিশনের মাধ্যমে নির্বাচন বন্ধ করে দেন। তবে জাকের, নগর, সিটি প্লাজা মার্কেটের ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ। দিলুর সমস্ত অপকর্মের বিরুদ্ধে সোচ্চার। এই পরিস্থিতি থেকে উত্তরণে প্রধানমন্ত্রী, নগর পিতা, দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহয়তা কামনা করেন তারা।
সবারবাংলা/এসআই
















