সব ধরনের সনদ প্রদানের ক্ষমতা পেলেন দুই সিটির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কাউন্সিলরদের অবর্তমানে সকল ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে। বিশেষ করে নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদসহ অন্যান্য সনদ সেবাগুলো দুই সিটির সংশ্লিষ্ট আঞ্চলিক অফিস থেকে সরবরাহ করা হবে। মঙ্গলবার দুই সিটির জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে এ বিষয়ে উত্তর সিটির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করেন। সেই আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপন মোতাবেক স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ক প্রয়োগ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়। ডিএনসিসির সকল ওয়ার্ডের নাগরিক সেবা কার্যক্রম (নাগরিক সনদ, ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ, অবিবাহিত সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ সহ অন্যান্য সনদ) পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

এদিকে, নাগরিক সনদ, ওশারিশান সনদ, পারিবারিক সনদসহ (সাবেক) ওয়ার্ড কাউন্সিলরদের কাছ হতে দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দারা যে সকল সনদ পেতেন এখন থেকে তা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) মাধ্যমে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। দক্ষিণ সকল ওয়ার্ডের নাগরিকদের জন্য নাগরিক সেবা কার্যক্রম অবিরত রাখার লক্ষ্যে ইতোমধ্যে এ সংক্রান্ত এক দপ্তর আদেশ জারি করা হয়েছে। করপোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের এই ক্ষমতা অর্পণ করা হয়েছে। এতে বলা হয়েছে, নাগরিক সনদ, ওয়ারিশান সনদসহ অন্যান্য সনদ পেতে দক্ষিণ সিটির কোন ওয়ার্ডের বাসিন্দাকে যথাযথ তথ্য ও প্রমাণ সংযুক্ত করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ওয়ার্ডের ‘ওয়ার্ড সচিব’ কিংবা সংশ্লিষ্ট আনিক মনোনীত ‘দায়িত্বপ্রাপ্ত’ কোন কর্মকর্তা সে সকল কাগজপত্র যাচাই-বাছাই/ তদন্ত করবেন এবং আবেদনের স্বপক্ষে সঠিকতা পাওয়া গেলে আবেদনে চাহিত সনদ প্রদান করা হবে।

Facebook Comments Box