যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সিলেটের কানাইঘাটে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বড়খেওড় এলাকায় ফরিদ উদ্দিন নামের ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।পুলিশ জানায়, উপজেলার বড়খেওড় গ্রামে এফআইভিডিবি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন খাসাড়ীপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানিয়েছেন, ফরিদ উদ্দিন মোটরসাইকেলে বিকাল সাড়ে ৪টার দিকে তার ভায়রাভাই শাহীন আহমদকে নিয়ে স্থানীয় মমতাজগঞ্জ বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। বড়খেওড় এফআইভিডিবি স্কুলের সামনে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত ফরিদ উদ্দিনের গতিরোধ করে তাকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্বৃত্তদের হামলায় ফরিদ উদ্দিনের সঙ্গে থাকা তার ভায়রাভাই শাহীন আহমদও আহত হন। তবে কারা ফরিদ উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

নিহতের স্বজনরা জানান, ফরিদ উদ্দিন তার ফেসবুক আইডিতে এনাম খান নামের এক ব্যক্তিকে ‘দেখে নেওয়ার’ হুমকির পোস্ট গত কয়েক দিন ধরে দিয়ে আসছিলেন। এর জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করে তাদের আটক করতে চেষ্টা চলছে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box