লংমার্চে এক লাখ লিটার তেল খরচ করবে বিরোধীদল

বিরোধীদল দেশে জ্বালানি সংকটের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তারা যে লংমার্চ করবে, তাতে খরচ হবে এক লাখ লিটার জ্বালানি তেল। শনিবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রতিমন্ত্রী। পরে তারা দোয়া ও মোনাজাত করেন।

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সরকারের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে জনগণের প্রয়োজন ও দেশের সামগ্রিক উন্নয়ন বিবেচনায় নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গড়ে তোলা।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব রয়েছে। চলমান অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের মূল লক্ষ্য জনগণের কল্যাণ, সুশাসন নিশ্চিত করা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা। এ লক্ষ্যে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের সহযোগিতা করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী জিয়া উদ্যানে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শ্রদ্ধা নিবেদনের সময় শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদল সভাপতি খালিদ হাসান আরমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box