চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জনতা বাজার শহীদ জিয়াউর রহমান (ডিগ্রি) কলেজের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ইউনুস শরীফ। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন ক্লাসে নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা, নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষাজীবনে করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী অধ্যাপক এএইচএম ছালাউদ্দিন সুমন, নজরুল ইসলাম, বরকত উল্লাহ, নিজাম উদ্দিন, নুরনবী, কামরুল ইসলাম ও শিখা রানী মজুমদার।
সহকারী অধ্যাপক এএইচএম ছালাউদ্দিন সুমন বলেন, “তোমরাই আগামীর দেশ ও জাতি গড়ার কারিগর। জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ ভোলা জেলার একসময়কার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। তোমরা সবসময় লেখাপড়ায় মনোনিবেশ করবে। আমরা তোমাদের সার্বিক সহযোগিতা করব।
সহকারী অধ্যাপক নজরুল ইসলাম বলেন, “উচ্চশিক্ষার ভিত্তি গড়ার গুরুত্বপূর্ণ সময় একাদশ শ্রেণি। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতি গুরুত্ব দিলে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আল আমিন সাদ্দাম বলেন, “সবার আগে বাংলাদেশ গড়তে হলে প্রাতিষ্ঠানিক শিক্ষকদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। লেখাপড়ায় মনোনিবেশের মাধ্যমে আগামীর যোগ্য নেতৃত্ব তৈরি হবে।”সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. ইউনুস শরীফ বলেন, “জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজে তোমাদের স্বাগত জানাই। তোমরা আজ থেকে উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে প্রবেশ করেছ। নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান ও কলেজের শৃঙ্খলা মেনে চলার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের মেধা ও প্রতিভার বিকাশে কলেজের শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করবেন। ভবিষ্যতে তোমরাই দেশ ও জাতির নেতৃত্ব দেবে—এই প্রত্যাশা করি।
এ সময় ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব রায়হান, যুগ্ম আহ্বায়ক পারভেজ মিঝিসহ ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















