জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হবে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় সরকারি জমি ও পাহাড়কে সুশাসনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। তিনি বলেন, এ এলাকায় সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য জমি দেখা হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। কারাগারটি বায়েজিদ লিংক রোডের পাশে স্থানান্তর করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের পুনর্বাসন এবং সেখানে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুর একসময় সন্ত্রাসের অভয়ারণ্য ছিল। এলাকাটিকে সুশাসন ও শৃঙ্খলার মধ্যে আনা হবে। পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপস্থিতি নিশ্চিত করতে জায়গা নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট বাহিনীগুলো সেখানে স্থাপনা নির্মাণ করবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব স্থাপনার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিশ্চিত করা হবে।

Facebook Comments Box