ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের নওদাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হাবেল শেখ (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাহাবুল শেখকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় হাবেল শেখের ওপর হামলার ঘটনা ঘটে। নিহত হাবেল শেখ ওই গ্রামের মৃত সামসুদ্দিন শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হাবেল শেখ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার ছেলে সাহাবুল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে তার গলা ও বাম হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা শাহাবাজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে বাবা ও ছেলের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। গতকাল রোববার হাবেল শেখ ছেলেকে না জানিয়ে একটি গাছ বিক্রি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও বেড়ে থাকতে পারে।

এদিকে, ঘটনার পরপরই মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করে। আটকের সময় সাহাবুল বাবার সঙ্গে জমিজমা ও সম্পদ নিয়ে বিরোধের কথা জানান। তার দাবি, বাবা তাকে সবকিছু থেকে বঞ্চিত করে আসছিলেন। নিজের জমিতে অন্য একজনকে সার ছিটাতে দেখে তার মাথা গরম হয়ে যায়। এ কারণে তিনি বাবাকে হত্যা করেছেন বলে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেন। এ সময় নিজের ফাসি হলেও সমস্যা নেই বলেও মন্তব্য করেন তিনি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাহাবুল শেখকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box