মাসিক ১০ হাজার টাকা ভাতায় বিআরটিএতে ইন্টার্নশিপের সুযোগ

ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ২০২৬-২৭ অর্থবছরে তিন মাস মেয়াদি এই ইন্টার্নশিপে অটোমোবাইলস অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একজন প্রার্থীকে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা ও সনদ পাবেন। আগ্রহীরা আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সম্প্রতি বিআরটিএর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে বাংলাদেশের নাগরিক এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অটোমোবাইলস বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে (ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে)। তবে অবতীর্ণ (অ্যাপিয়ার্ড) প্রার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র সাপেক্ষে আবেদন করতে পারবেন। কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (এনওসি) লাগবে।

সুযোগ-সুবিধা ও শর্তাবলি

* ইন্টার্নশিপের মেয়াদ তিন মাস এবং মাসিক ভাতা ১০ হাজার টাকা (অন্য কোনো আর্থিক সুবিধা নেই)।

* সুপারভাইজারের অধীনে সন্তোষজনক কাজের প্রত্যয়ন সাপেক্ষে প্রতি মাসের ভাতা মিলবে।

* সফলভাবে ইন্টার্নশিপ শেষে সনদ প্রদান করা হবে, তবে এটি দিয়ে কোনো সরকারি বা স্থায়ী চাকরির দাবি করা যাবে না।

আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্র

আগ্রহীদের বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ ও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের ট্রান্সক্রিপ্ট, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্ব সনদ এবং সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

পূরণকৃত আবেদনপত্র আগামী ৬ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি বা ডাকযোগে ‘চেয়ারম্যান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ ভবন (ষষ্ঠ তলা), নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা-১২১২’ ঠিকানায় পৌঁছাতে হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত বা মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।

Facebook Comments Box