শফিকুল ইসলাম
শিশুসহ সবার সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্যের বিকল্প নেই। অথচ রাজধানী ঢাকাসহ সারাদেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ খাদ্যে পণ্যেই রয়েছে ভেজাল আর ভেজাল। ফলে বিভিন্ন খাদ্যপণ্য ও ব্যবহার্য সামগ্রীর মান নিয়ে বাড়ছে উদ্বেগ। অভিযোগ রয়েছে, বাজারে থাকা অনেক শিশু খাদ্য ও পণ্যে ভেজাল, নিম্নমানের উপাদান এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার রয়েছে। ফলে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে কোমলমতি শিশুস বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। অনেক ক্ষেত্রে অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করা হলেও অপরাধীরা আবারও একই কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ফলে খাদ্যে ভেজালকারীদের শাস্তির দিতে আরো কঠোর আইন করতে যাচ্ছে সরকার।
খোঁজ নিয়ে জানা গেছে, খাদ্যে ভেজাল, ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাদ্যে ভেজালকারীদের শাস্তির আওতায় আনতে আরো কঠোর আইন ও বিধিবিধান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভেজালবিরোধী অভিযান জোরদার, বাজার তদারকি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে খাদ্যে ভেজালের অভিযোগ দীর্ঘদিনের। মাছ, মাংস, দুধ, ফলমূল, শাকসবজি, মসলা, বেকারি পণ্য থেকে শুরু করে শিশুদের মুখরোচক খাবারেও অনিরাপদ উপাদান ব্যবহারের অভিযোগ রয়েছে। অসাধু ব্যবসায়ীদের একটি অংশ অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য নতুন মোড়কে বাজারজাত এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এতে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ভেজাল ও দূষিত খাবার গ্রহণের ফলে কিডনি, লিভার, পরিপাকতন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে জটিলতা দেখা দিতে পারে। কিছু রাসায়নিকের দীর্ঘমেয়াদি প্রভাব ক্যানসারসহ গুরুতর রোগের ঝুঁকিও বাড়াতে পারে। বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বড়দের তুলনায় কম হওয়ায় ভেজাল ও অনিরাপদ খাদ্যের প্রভাব তাদের শরীরে দ্রুত পড়তে পারে। এসব খাদ্য গ্রহণের ফলে পেটের পীড়া, ডায়রিয়া, অপুষ্টি, অ্যালার্জিসহ নানা ধরনের স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে কিছু ক্ষতিকর রাসায়নিক শিশুর শারীরিক ও মানসিক বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
রাজধানীর বিভিন্ন বাজার, সুপারশপ ও পাড়া-মহল্লার দোকানে নানা ধরনের বিস্কুট, চকলেট, জুস, আইসক্রিম, চিপস, ক্যান্ডি ও অন্যান্য মুখরোচক খাবার বিক্রি হচ্ছে। এসব পণ্যের অনেকগুলোর উপাদান, উৎপাদনের মান, সংরক্ষণ পদ্ধতি ও মেয়াদ নিয়ে ভোক্তাদের মধ্যে প্রশ্ন রয়েছে। বিশেষ করে খোলা অবস্থায় বিক্রি হওয়া খাবারের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে। শুধু খাদ্যপণ্য নয়, শিশুদের খেলনা, প্রসাধনী, প্লাস্টিকের সামগ্রী ও দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্যের মান নিয়েও রয়েছে শঙ্কা। নিম্নমানের প্লাস্টিক, ক্ষতিকর রং ও রাসায়নিক উপাদানযুক্ত পণ্য শিশুদের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। আকর্ষণীয় মোড়ক ও বিদেশি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাজারজাত করা কিছু পণ্যের প্রকৃত মান যাচাই করাও সাধারণ ক্রেতাদের জন্য কঠিন।
সংশ্লিষ্টরা বলছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে দেশে আইন ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও এর যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক ক্ষেত্রে অভিযান পরিচালনা করে জরিমানা করা হলেও অপরাধীরা আবারও একই কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। ফলে শুধু জরিমানা নয়, অপরাধের মাত্রা অনুযায়ী কারাদন্ড, অর্থদন্ড এবং প্রয়োজনে প্রতিষ্ঠান বন্ধের মতো কঠোর ব্যবস্থা কার্যকর করার দাবি উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে আইন কঠোর করার পাশাপাশি প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি। বাজার থেকে নিয়মিত খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ, আধুনিক পরীক্ষাগারে দ্রুত পরীক্ষা এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি বাজার, গুদাম ও খুচরা বিক্রয়কেন্দ্রগুলোকে নজরদারির আওতায় আনতে হবে। এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। ভোক্তারা যেন পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান, মানচিহ্ন এবং প্রয়োজনীয় অনুমোদন যাচাই করে পণ্য কেনেন, সে বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি ভেজাল পণ্য সম্পর্কে অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি রয়েছে।
অভিভাবকদের অভিযোগ, শিশুদের আকৃষ্ট করতে পণ্যের মোড়কে নানা রঙিন ছবি, কার্টুন ও আকর্ষণীয় বিজ্ঞাপন ব্যবহার করা হয়। কিন্তু এসব পণ্যের প্রকৃত গুণগত মান সম্পর্কে পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না। অনেক সময় কম দামে পণ্য কিনতে গিয়ে অভিভাবকেরা অজান্তেই শিশুদের হাতে তুলে দিচ্ছেন অনিরাপদ খাবার ও সামগ্রী।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুসহ সব ধরনের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, উপাদান ও প্রয়োজনীয় অনুমোদনের তথ্য স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। পাশাপাশি ভেজাল ও অনিরাপদ পণ্য উৎপাদন এবং বাজারজাতকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সংশ্লিষ্টদের মতে, শিশুদের খাদ্য ও পণ্যের নিরাপত্তা কেবল ভোক্তা অধিকার নয়, এটি জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার বিষয়। তাই রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বাজার তদারকি জোরদার, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা এবং জনসচেতনতা বাড়ানো জরুরি। তাছাড়া, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তার নিরপেক্ষ প্রয়োগ নিশ্চিত করা গেলে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে। তবে আইনের কঠোরতার পাশাপাশি নিয়মিত তদারকি, দ্রুত বিচার এবং রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের শাস্তি নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানান, জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করা হচ্ছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়। খাদ্যে ভেজাল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান আইনে পাঁচ বছর কারাদন্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দন্ডের বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের জন্য তা যথেষ্ট প্রতিরোধক না। তাই অপরাধীদের আরও কঠোর শাস্তির আওতায় আনতে আইন যুগোপযোগী ও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।
















