ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই দেশে ফিরে রাজনীতি করতে পারবে না

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসিব আসিব বলিয়া কত দিন পার হবে। একবার বলে নভেম্বর, আরেকবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ। এগুলো নিয়ে আমাদের মনোযোগ নেই, আমরা সবসময় সতর্ক আছি। এগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত কাজ। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পলাতক দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রীকে আগেই সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে অভিহিত করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নেই এবং বাংলাদেশের মানুষও তা দেবে না।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে তাদের পতন হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দেশ থেকে পালিয়ে নিজেদের আশ্রয়স্থলে অবস্থান নিয়েছে। এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই।

তিনি বলেন, গণহত্যা চালানো অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী ও অগণতান্ত্রিক শক্তিকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এ ধরনের আরও ঘটনা রয়েছে। জার্মানির নাৎসি বাহিনী নিষিদ্ধ হওয়ার পর আর রাজনীতি করতে পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্ট গোষ্ঠী ও ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই বাংলাদেশে ফিরে এসে রাজনীতি করতে পারবে না। গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করার সক্ষমতা তাদের কখনোই ছিল না।

তবে তারা প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরতে পারে বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট দেশও আইনগতভাবে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Facebook Comments Box