বুধবার দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এতে বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, তাপমাত্রা কমার এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন এলাকায় শীত জেঁকে বসার সম্ভাবনা রয়েছে।
গত মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫ ডিগ্রিতে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রাও কমেছে। মঙ্গলবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি, গতকাল বুধবার তা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বুধবার রাতে বলেন, বৃহস্পতিবার তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এতে দেশজুড়ে শীতের অনুভূতি আরও বাড়বে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর আকাশ পরিষ্কার থাকায় বুধবার রাত ও দিনের তাপমাত্রা কমেছে। আগামী দিনগুলোতেও তাপমাত্রা নিম্নমুখী থাকতে পারে।
















