ভুয়া পরিচয় ব্যবহার করে তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি)-এ প্রায় ৩৮ বছর চাকরি ও সরকারি বেতন-ভাতা আত্মসাতের মামলায় অবসরপ্রাপ্ত এক সদস্যকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলিত সমুদয় বেতন-ভাতা সুদসহ সরকারি কোষাগারে ফেরত দিতে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির আসল নাম মো. আকবর আলী, যিনি চাকরিজীবনে মো. জাহাঙ্গীর আলম পরিচয় ব্যবহার করেছিলেন এবং রাজশাহীর বিজিবির-১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সিপাহী। রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি ও দুদকের তদন্ত সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে সিরাজগঞ্জে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন একই জেলার জাহাঙ্গীর আলম ও আকবর আলী। নিয়োগ পরীক্ষায় জাহাঙ্গীর আলম নির্বাচিত হলেও পারিবারিক কারণে চাকরিতে যোগ দেননি, আর আকবর আলী অযোগ্য বিবেচিত হন। পরবর্তীতে জাহাঙ্গীর আলমের অজান্তে তার নাম, বাবার নাম, ঠিকানা ও শিক্ষাগত সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ চাকরিতে যোগ দেন আকবর আলী এবং ২০২২ সালের ২৫ মে অবসর নেওয়া পর্যন্ত বেতন-ভাতা তুলে যান।
















