মিরপুর-পল্টনের পর ভাসানটেকে বাসে আগুন

রাজধানীর মিরপুর-১৪ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কিশোরগঞ্জগামী একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে ভাসানটেক থানাধীন টিনশেড বিল্ডিংয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মিরপুর-১৪ এলাকায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা চামড়া বন্দর এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দেয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৪। এটি কিশোরগঞ্জগামী বাস বলে জানা গেছে।

তবে কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box