স্কুলে বিমান হামলায় শিশুসহ নিহত ৩০

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে বিমান হামলার ঘটনায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষার্থীও রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর চালানো এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও বিরোধী পক্ষ।

শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জান্তা সরকারবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) এ তথ্য প্রকাশ করে।

এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে সিনবাউংওয়ে শহরের একটি স্কুল ও বৌদ্ধবিহার এলাকায় হামলা চালানো হয়। ওই সময় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, কামানের ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয় বলে যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট জানান, হামলায় অন্তত ৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলার সময় ওই এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করলেও সেখানে নিয়মিত কোনো সামরিক তৎপরতা ছিল না বলে জানান তিনি।

তবে মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও স্নাতক সমাপনী অনুষ্ঠানকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। এ বিষয়ে শনিবার পর্যন্ত দেশটির সামরিক বাহিনী কিংবা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box