ভুট্টাক্ষেত থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামে ভুট্টাক্ষেত থেকে শুভ ইসলাম (১৭) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা সেটি খতিয়ে দেখছে পুলিশ।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুট্টাক্ষেতের মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। জানা যায়, শুভ হোসেন তার বাবার ওপর রাগ করে দু’দিন ধরে আত্মগোপনে ছিল।

শুভ’র বাবা আমিরুল ইসলাম জানান, বাঁশগ্রাম কলেজে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য তার কাছ থেকে ৫ হাজার টাকা নেয় শুভ। কিন্তু এই টাকা অন্যত্র খরচ করে আবারও টাকা দাবি করে। এ নিয়ে রাগারাগি করে শুক্রবার বাড়ি ছেড়ে চলে যায় সে। আজ তার মরদেহ পাওয়া যায়।

কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এসআই জাহাঙ্গীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহটির সুরতহাল রিপোর্ট করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যারও শক্তিশালী কোনো আলামত মেলেনি। সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box