ঢাকা নগর পরিবহন সেবা আরো বৃদ্ধি করা হচ্ছে বলে জানিয়েছেন, দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। শেখ ফজলে নূর তাপস বলেন, আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। কারণ আমরা আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি। তবে পরিকল্পনা বাস্তবায়ন খুবই কঠিন। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি। মঙ্গলবার দুপুরে ঢাকা বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র।
৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে উল্লেখ করে মেয়র আরো বলেন, জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেওয়া আছে। ৫০টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহন সেবা চালু করা হয়েছিলো এই বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
আরও তিনটি পথ চালু করা হবে জানিয়ে মেয়র তাপস বলেন, তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালোচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি। ২২তম যাত্রা পথে ৫০টি বাস সেবা চালু করা হবে। ২৩ নম্বর যাত্রাপথে ১০০টি বাস এবং ২৬ নম্বর যাত্রাপথে ৭৫টি বাস চালু করা হবে। সব মিলিয়ে ২২৫টি বাস চালু হবে। আগামী ৯০ দিনের জন্য সময় দিয়ে বিজ্ঞপ্তি দেয়া হবে।
এসময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, বাস রুট রেশনালাইজেশন আওতায় শহরের রুট যেগুলো আছে সেগুলোতে কিভাবে দ্রæত বাস সেবা দেওয়া যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ২৩ নাম্বার রুট বসিলা শুরু করে মোহাম্মদপুর, শিয়া মসজিদ, শ্যামলী, কমলাপুর হয়ে সরাসরি চলে যাবে কাচপুর পর্যন্ত। ডিএনসিসির মেয়র বলেন, রুট ১ ঘাটারচর থেকে শুরু করে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত চলে যাবে। আরেকটা রুট হবে ঘাটারচর থেকে শুরু হয়ে আজিমপুর হয়ে পোস্তাগোলা কদমতলী থানা পর্যন্ত। প্রতিদিন বিআরটিএ থেকে ঢাকায় ১০০০ থেকে ১২০০ গাড়ি নামছে সড়কে। এটাকে নিয়ন্ত্রণ করে সড়কে বাসের সংখ্যা বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করতে হবে।
সবারবাংলা/এসআই
















