জাতীয় নির্বাচনসহ দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশীদের হস্তক্ষেপকাম্য নয় বলে জানিয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ। নিজেদের অভ্যন্তরীণ কোনো সমস্যা থাকলে নিজেদের মধ্যে আলোচনা হতে পারে। বাইরের দেশের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করলে নিজের দেশকেই ছোট করা হয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নবনিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি’র সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।
বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আমাদের দেশের জাতীয় নির্বাচন নিয়ে বাহিরের কারোর কথা বলার কথা না। এটি আমার দেশের মর্যাদার ব্যাপার। যা জাতির জন্য মর্যাদাপূর্ণ নয়। অন্য কোনো দেশ নির্বাচন নিয়ে যেমনি আমার মন্তব্য করা দায়িত্ব নয় তেমনি একই প্রক্রিয়া অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা হয়ত কোনো কোনো ব্যাপারে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
মো. তাজুল ইসলাম আরও বলেন, সারা পৃথিবীতে নির্বাচনও নিয়ে বিতর্ক আছে, আমাদের দেশেও নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে না। যেসব দেশ অভ্যন্তরীণ বিষয়ে অন্যদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে ইরাক, সিরিয়া, আফগানিস্তান কিংবা লিবিয়ার দিকে তাকালে এ বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
রাষ্ট্রদূতের সাথে বৈঠক প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমাদের সাথে তাদের বিভিন্ন প্রকল্প আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। গ্রামীণ আদালত সক্রিয়করণ নামে একটি প্রকল্প রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের কয়েকটি দেশ আমাদের ফাইন্যান্সিয়াল এবং টেকনোলজিক্যাল সহায়তা দিয়ে থাকে। কয়েকটি জেলায় এটি পাইলট প্রজেক্ট আকারে চলছিলো। এখন আমরা এই প্রকল্পটি সারাদেশে চালু করার জন্য উদ্যোগ নিয়েছি।
সেখানে তারা অর্থায়ন করতে সম্মত হয়েছে। এছাড়া, উপক‚লীয় অঞ্চলে শুকনো সময় আমাদের পানি স্বল্পতা থাকে। সুপেয় পানির খুব অসুবিধা হয়। সেকারণে এখানে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ দেখা দেয়। সোলারের প্যানেলের মাধ্যমে পরিচালিত প্রযুক্তি ব্যবহার করে লবনাক্ত পানিকে নিরাপদ ও সুপেয় করে উপক‚লীয় এলাকার স্কুল ও বাসা বাড়িতে সরবরাহ করার জন্য আমরা একটি প্রকল্প তৈরি করছি। এই প্রকল্পে তারা অর্থায়নের আগ্রহ প্রকাশ করে।















