রাজধানীতে যেখানে সেখানে গাড়ী পার্কিং ঠেকাতে স্মার্ট পার্কিং চালুর উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম । তিনি বলেন, যেখানেই পার্কিং ব্যবস্থা দেওয়া হচ্ছে সেখানেই শুরু হয়ে যাচ্ছে মাস্তানি। ফলে তা ঠেকাতে এ উদ্যোগ নেয়া হচ্ছে। বুধবার রাজধানীর গুলশান-২ নগর ভবনে ‘স্মার্ট হাট, স্মার্ট বাংলাদেশ’ অভিজ্ঞতা বিনিময় সভায় আতিকুল ইসলাম এ কথা জানান।
ইজারাদারদের সিস্টেমে আনতে স্মার্ট পার্কিং ব্যবস্থা আগামী মাস থেকে চালু হচ্ছে জানিয়ে মেয়র আরো বলেন, ঢাকা শহরে প্রথম ফেসে ৫০০ স্মার্ট কার পার্কিং শুরু করতে যাচ্ছি। প্রথম অবস্থায় গুলশান-বনানীতে ৫০০ স্মার্ট কার পার্কিং চালু করছি। পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে স্মার্ট পার্কিং। এই প্রজেক্ট সফল হলে, পর্যায়ক্রমে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অন্যান্য স্থানেও এই পার্কিং ব্যবস্থা চালু করা হবে।
ডিজিটাল মাধ্যমে ভবিষ্যতে কিভাবে এটিকে আরো বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে শুধু সহজেই লেনদেন হবে না, মানুষ বিপুল টাকা নিরাপদে লেনদেন করতে পারে। গাবতলীর পশুর হাটকেও ডিজিটাল লেনদেনের আওতায় আনা হবে জানিয়ে মেয়র আরো বলেন, গাবতলী আমদের একটি স্থায়ী পশুরহাট। এখানে সারা বছরই পশু বেচাকেনা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসেন ব্যবসায়ীরা। তাই এটিকে আমরা স্মার্ট করতে চাই এবং এটি করতে আমরা খুব বেশি সময় নেব না। আতিকুল ইসলাম বলেন, একজন খামারি যখন তাদের পশু নিয়ে শহরে আসেন প্রকৃতপক্ষে তাদের অনেক কষ্ট হয়। পশুগুলো বিক্রি করে বিক্রিত টাকা নিয়ে নিরাপদে বাড়ি ফেরার চিন্তাটাও তার মধ্যে থাকে। যাওয়ার সময় টাকা নিয়ে একজন খামারী যেন নির্বিঘ্নে নিরাপদে যেতে পারে সেজন্য আমরা এই ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করেছি। এর ফলে খামারিদের আর নগদ টাকা বহন করতে হচ্ছে না। এসময় তিনি অনলাইনভিত্তিক সেবাসমূহ গ্রহণ করে নগরবাসীকে ডিএনসিসিকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার আহবান জানান।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ‘ঢাকা শহরে ২৮ হাজার রিকশার লাইসেন্স দেওয়া ছিল। কিন্তু এখন প্রায় দশ লাখের বেশি রিকশা চলছে। এগুলো শৃঙ্খলার মধ্যে নেই, কোনো ডাটাবেজ নেই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগের অনিবন্ধিত রিকশা তুলে দিয়ে নতুন করে কিউআর কোডযুক্ত দুই লাখ রিকশা নিবন্ধন দেব। অনুষ্ঠান শেষে সেরার ভিত্তিতে সবাইকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের সাথে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশীদ আলম, স্মার্ট হাটে অংশ নেয়া ছয়টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকাশ, মাস্টারকার্ড, ভিসাসহ সংশিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছয়টি পশুর হাটের ইজারাদার, ডিএনসিসির কাউন্সিলরবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।














