অধিকতর সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে

সবারবাংলা প্রতিবেদক

রাস্তায় অধিকতর সতর্কতার সাথে গাড়ি চালানোর আহবান জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা কারও কাম্য নয়। মানবিক দায়িত্ববোধ থেকেই সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়েছে ডিএনসিসি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল ছাত্রের পরিবারের সাথে সাক্ষাতশেষে উপস্থিত সাংবাদিকদের ডিএনসিসি মেয়র একথা বলেন। কোন কিছু বিনিময়েই নিহত স্কুল ছাত্রের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় উল্লেখ করে মেয়র আরো বলেন, মানবিক সহায়তা হিসেবে শোকসন্তপ্ত পরিবারটিকে নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে। মোঃ আতিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের একমাত্র আয়ের উৎস একটি ছোট্ট চায়ের দোকানকে ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে বৈধতা দেয়া হয়েছে এবং খুব শীঘ্রই দোকানটিকে ডিএনসিসির পক্ষ থেকে সুসজ্জিত করে দেয়া হবে।

তিনি আরও বলেন, লাইসেন্স ছাড়া কোন গাড়ি রাস্তায় নামানো যাবেনা, ঢাকার রাস্তায় কোনো অবৈধ গাড়ি চলতে দেয়া হবে না। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিএনসিসির সকল গাড়ীতেই আধুনিক জিপিএস ও ড্যাস কামেরা স্থাপন এবং নিয়মিত মনিটরিং করা হবে।

সবারবাংলা/এসআই

Facebook Comments Box